নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের উদ্যোগে এবার মহাসমারোহে উদযাপিত হতে যাচ্ছে পবিত্র শুভ বুদ্ধ জয়ন্তী। মহাকারুণিক গৌতম বুদ্ধের জীবনের ত্রিস্মৃতি বিজড়িত এই পবিত্র দিনকে ঘিরে প্রথমবারের মতো সম্মিলিতভাবে ব্যাপক আয়োজন ও প্রস্তুতি গ্রহণ করা হয়েছে বলে জানিয়েছেন আয়োজকরা।
আগামী ২৪ মে রোববার সকাল ১০টা থেকে ফ্রান্সের রাজধানী প্যারিসে এ আয়োজন অনুষ্ঠিত হবে। বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়, ফ্রান্সের উদ্যোগে প্যারিসের জুরিস পার্ক থেকে রিপাবলিক চত্বর ঘিরে দিনব্যাপী নানা ধর্মীয় ও সাংস্কৃতিক কর্মসূচি পালন করা হবে। অনুষ্ঠানে বাংলাদেশিসহ বিভিন্ন দেশের বৌদ্ধ ধর্মাবলম্বীদের অংশগ্রহণের প্রত্যাশা করা হচ্ছে।
বুদ্ধ পূর্ণিমা উপলক্ষে গৃহীত কর্মসূচির মধ্যে রয়েছে পবিত্র ত্রিপিটকের মঙ্গল বাণী পাঠের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা, বৌদ্ধ ভিক্ষু সংঘের পিণ্ডচারণ, ধর্মদেশনা, বিশ্ব শান্তি ও সকল প্রাণীর মঙ্গল কামনায় পুণ্যদান, পূজ্য ভান্তেদের ছোঁয়াং গ্রহণ, জ্ঞাতিভোজ, ঐতিহাসিক শান্তি শোভাযাত্রা এবং সম্মিলিত ধ্যান অনুশীলন।
আয়োজকরা জানান, বুদ্ধ পূর্ণিমা বৌদ্ধ ধর্মাবলম্বীদের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব। এই একই পবিত্র তিথিতে রাজপুত্র সিদ্ধার্থ গৌতম জন্মগ্রহণ করেন, বোধিজ্ঞান লাভ করেন এবং মহাপরিনির্বাণে উপনীত হন। তাই দিনটি বৌদ্ধ সম্প্রদায়ের কাছে বিশেষ তাৎপর্য বহন করে।
বিশ্বজুড়ে বৌদ্ধ সম্প্রদায়ের ধর্মীয় ও মানবিক মূল্যবোধকে গুরুত্ব দিয়ে জাতিসংঘও এই পবিত্র বুদ্ধ পূর্ণিমাকে আন্তর্জাতিক ভেসাখ ডে হিসেবে স্বীকৃতি দিয়েছে। প্রতিবছরের মতো এবারও শান্তি, সম্প্রীতি ও মানবকল্যাণের বার্তা ছড়িয়ে দিতে ফ্রান্সে বাংলাদেশি বৌদ্ধ সম্প্রদায়ের এই আয়োজন বিশেষ গুরুত্ব বহন করছে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

