ফ্রান্সে আন্তর্জাতিক স্পোর্টস আসরে ব্রোঞ্জ পদক জিতল বাংলাদেশ
এন আই মাহমুদঃ ফ্রান্সের নরমান্ডির দুবিল শহরে অনুষ্ঠিত হলো সামার স্কুলস গেইমস। ইন্টারন্যাশনাল স্কুলস স্পোর্টস ফেডারেশনের উদ্যোগে সামার স্কুলস গেইমসে অংশগ্রহণ করে ব্রোঞ্জ বিজয় করলো বাংলাদেশ।
এ গেইমসে অংশ নিতে বাংলাদেশ থেকে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন এর ভাইস প্রেসিডেন্ট কামরুন্নেসা আশরাফ দীনা নির্বাচিত প্রতিযোগীদের নিয়ে গত ১৫ মে প্যারিসে পৌঁছান।
বিশ্বের ৬৯ টি দেশের ৩৮০০ জন খেলোযাড়, কোচ ও অফিসিয়ালের অংশগ্রহনে জমজমাট এ প্রতিযোগিতায় অংশ নেয়ার জন্য বাংলাদেশ থেকে প্যারিসে আসা অতিথিদের মধ্যে রয়েছেন দশ জন খেলোয়াড়, কোচ, কর্মকর্তা সহ ১৬ জনের একটি প্রতিনিধি দল। আগামী ২২ মে দেশের প্রতিনিধি দলটির বাংলাদেশে ফেরার কথা রয়েছে।
এবারের টুর্নামেন্টে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশনের মনোনীত প্রতিযোগীরা তিনটি গেইমসে অংশ নেয়। তার মধ্যে আর্চারি বা তীর নিক্ষেপ পর্বে তুরস্ক কে হারিয়ে ব্রোঞ্জ পদক জিতে নেন পুস্পিতা জাহান।
সফররত প্রতিনিধি দলের নেতৃত্বে থাকা বিকেএসপি ডিরেক্টর জেনারেল ব্রিগেডিয়ার জেনারেল এ কে এম মাজহারুল হক ও শেখ রাসেল স্পোর্টস একাডেমীর সিনিয়র সহ-সভাপতি ও বাংলাদেশ মহিলা আওয়ামী লীগ নেত্রকোনা জেলা সভাপতি কামরুন্নেসা আশরাফ দীনা উচ্ছাস প্রকাশ করেন। তারা বলেন, এ বিজয় সমগ্র বাংলাদেশের। তারা প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, “প্রধানমন্ত্রীর সদিচ্ছায় স্কুলস স্পোর্টস আন্তর্জাতিক আসরে বাংলাদেশকে অনন্য আসনে আসীন করেছে।”
আন্তর্জাতিক ক্রীড়াঙ্গনে বাংলাদেশের অংশগ্রহন তথা বাংলাদেশকে উপস্থাপন করতে নিরলস কাজ করে যাচ্ছে বাংলাদেশ স্পোর্টস এসোসিয়েশন। এ সম্পর্কে ভাইস প্রেসিডেন্ট কামরুন্নেসা আশরাফ দীনা বলেন, “বাংলাদেশকে উপস্থাপন করাটাও যেমন আমরা দায়িত্ব হিসেবে নিয়েছি, তেমনি তরুন প্রজন্মকে অংশগ্রহনমূলক ক্রীড়ায় উৎসাহ যোগানোর সামাজিক দায়িত্বটিও আমরা যতটা সম্ভব পালন করে যেতে চাই”।।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
