ফ্রান্সে আসছে ‘বাংলার মেলা ২০২৬’, প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান

ফ্রান্সে আসছে ‘বাংলার মেলা ২০২৬’, প্রবাসীদের অংশগ্রহণের আহ্বান

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটি এবং বাংলা সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায় পরিণত হতে যাচ্ছে ‘বাংলার মেলা ২০২৬’। আগামী ১২ জুলাই অনুষ্ঠিতব্য এই বর্ণাঢ্য আয়োজনকে কেন্দ্র করে ইতোমধ্যে প্রবাসীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে। বাংলা সংস্কৃতি, ঐতিহ্য এবং প্রবাসে বাঙালি সম্প্রদায়ের পারস্পরিক বন্ধন আরও সুদৃঢ় করার লক্ষ্য নিয়ে এ আয়োজন করছে অ্যাসোসিয়েশন সেকানো বেঙ্গালি (এ.এস.বি.)।

আয়োজকদের দেওয়া তথ্য অনুযায়ী, দিনব্যাপী এ মেলা সকাল ১১টা থেকে শুরু হয়ে রাত ৮টা পর্যন্ত চলবে। অনুষ্ঠানে অংশগ্রহণকারীদের জন্য থাকছে বাংলাদেশের ঐতিহ্যবাহী পণ্যসামগ্রীর বিভিন্ন স্টল, দেশীয় স্বাদের খাবারের আয়োজন, হস্তশিল্প প্রদর্শনী এবং নানা ধরনের সাংস্কৃতিক পরিবেশনা। এর মাধ্যমে প্রবাসে বেড়ে ওঠা নতুন প্রজন্মের কাছে বাংলা সংস্কৃতি ও ঐতিহ্যকে তুলে ধরারও উদ্যোগ নেওয়া হয়েছে।

মেলার ভেন্যু হিসেবে নির্ধারণ করা হয়েছে স্যাল দ্য লা লেজিওন দ’অনার, ৬ প্লাস দ্য লা লেজিওন দ’অনার, ৯৩২০০ সেইন্ট-দেনি, ফ্রান্স। আয়োজকরা জানিয়েছেন, অনুষ্ঠানস্থলে পৌঁছানোও বেশ সহজ। দর্শনার্থীরা মেট্রো লাইন ১৩ ব্যবহার করে ব্যাসিলিক দ্য সেইন্ট-দেনি অথবা পোর্ত দ্য প্যারিস স্টেশন থেকে স্বল্প সময়ের মধ্যেই মেলার স্থানে যেতে পারবেন।

বিজ্ঞাপন

ফ্রান্সের বিভিন্ন অঞ্চল থেকে বাংলাদেশিদের পাশাপাশি বাংলা ভাষা ও সংস্কৃতির অনুরাগীদেরও অনুষ্ঠানে অংশ নেওয়ার আহ্বান জানানো হয়েছে। আয়োজকদের ভাষায়, প্রবাসে বাংলা সংস্কৃতির এই উৎসবকে সফল করে তুলতে সবার উপস্থিতি এবং সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তারা বলেন, “আপনাদের উপস্থিতিই আমাদের অনুপ্রেরণা।”

আয়োজকদের প্রত্যাশা, সংস্কৃতি, ঐতিহ্য, খাদ্য ও বিনোদনের সমন্বয়ে আয়োজিত ‘বাংলার মেলা ২০২৬’ শুধু একটি অনুষ্ঠানই নয়, বরং ফ্রান্সে বসবাসরত বাংলাদেশিদের জন্য এক মিলনমেলা হিসেবে আত্মপ্রকাশ করবে। একই সঙ্গে এটি প্রবাসী সমাজে বাঙালি সংস্কৃতির পরিচয় ও ঐক্যের বার্তা আরও বিস্তৃতভাবে ছড়িয়ে দিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *