প্রস্তাবিত নাগরিকত্ব আইন ‘প্রবাসী স্বার্থবিরোধী’

which-countries-allow-dual-citizenship

প্রস্তাবিত নাগরিকত্ব আইনকে প্রবাসী স্বার্থবিরোধী বলে অভিহিত করেছেন একটি সেমিনারে অংশ নেওয়া বক্তারা। তাঁরা বলেছেন, এই আইন পাস হলে বাংলাদেশি নাগরিকত্বের পাশাপাশি যাঁদের অন্য দেশের নাগরিকত্ব আছে, তাঁদের দ্বিতীয় শ্রেণির নাগরিক হয়ে যাওয়ার সুযোগ আছে। এ অবস্থায় সংসদে আইনটি পাস হওয়ার আগে এ বিষয়ে প্রবাসী বাংলাদেশিদের মতামত নেওয়ার দাবি জানিয়েছেন তাঁরা।

আজ বুধবার জাতীয় প্রেসক্লাবে ‘ডুয়েল ন্যাশনালিটি : প্রসপেক্ট অ্যান্ড প্রবলেমস ফর নন রেসিডেন্স বাংলাদেশিজ’ শীর্ষক এই সেমিনার অনুষ্ঠিত হয়। সেমিনারটির আয়োজন করে আয়ারল্যান্ড–বাংলাদেশ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি (আইবিসিসিআই)।

সেমিনারে বক্তারা বলেন, প্রস্তাবিত আইনের ৫ ধারায় বলা হয়েছে, কোনো ব্যক্তি বাংলাদেশের বাইরে জন্মগ্রহণ করলেও বাংলাদেশের নাগরিক হবেন, যদি তাঁর মা-বাবা এই আইন কার্যকর হওয়ার আগে বাংলাদেশের নাগরিক হন। এ জন্য সন্তান জন্মানোর দুই বছরের মধ্যে ওই দূতাবাস বা মিশনের কার্যালয়ে নাম নিবন্ধন করতে হবে। তা না হলে ওই সন্তান জন্মসূত্রে বাংলাদেশের নাগরিক বলে বিবেচ্য হবেন না। আর ৬ ধারায় প্রবাসীদের ক্ষেত্রে বলা হয়েছে, বিদেশে বাস করলে তাঁর আবেদনের ভিত্তিতে তিনি বাংলাদেশের নাগরিকত্ব লাভ করতে পারবেন, যদি তাঁর মা-বাবা, দাদা বা নানা বিদেশি নাগরিকত্ব গ্রহণের আগে বাংলাদেশের নাগরিক হয়ে থাকেন, তবে এই নাগরিকেরা বাংলাদেশের জাতীয় সংসদ বা স্থানীয় কোনো নির্বাচন করতে পারবেন না। এ ছাড়া রাষ্ট্রপতি, বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো চাকরিতে নিয়োগ পাবেন না, এমনকি রাজনৈতিক সংগঠনও করতে পারবেন না।

বিষয়টির সমালোচনা করে সেমিনারে আলোচকেরা বলেন, প্রস্তাবিত আইন অনুসারে দ্বৈত নাগরিক হলে তিনি জাতীয় সংসদ কিংবা স্থানীয় কোনো নির্বাচনে অংশ নিতে পারবেন না। বিচারকসহ প্রজাতন্ত্রের কোনো চাকরিতেও নিয়োগ পাবেন না। অথচ বাংলাদেশের সংবিধানে প্রত্যেক নাগরিকের সমান অধিকারের কথা বলা হয়েছে। সে ক্ষেত্রে এ আইন সংবিধানের পরিপন্থী ও বৈষম্যমূলক।

সেমিনারে মূল বক্তব্য উপস্থাপন করেন যুক্তরাজ্যপ্রবাসী আইনজীবী মনোয়ার হোসেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *