নীলক্ষেতে অধিভুক্ত ৭ কলেজের শিক্ষার্থীদের রাস্তা অবরোধ

Image-1225708.jpg

সাইফুল ইসলাম খানঃ

ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজের শিক্ষার্থীরা ফল প্রকাশসহ একাধিক দাবিতে রাজধানীর নীলক্ষেত মোড় অবরোধ করেছে। রোববার, ৮ অক্টোবর সকাল ৯টা থেকে এই অবরোধে নেমেছে তারা।

অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশসহ পাঁচ দফা দাবিতে এই সমাবেশ ও অবস্থান কর্মসূচি পালন করছে বলে জানিয়েছে শিক্ষার্থীরা। এর আগে গত ৫ অক্টোবর জাতীয় জাদুঘরের সামনে থেকে এই সমাবেশের কর্মসূচি ঘোষণা দিয়েছিল শিক্ষার্থীরা। মাঝে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করতে যেয়ে প্রক্টরের বাধার মুখে ফিরে আসতে হয়েছিল তাদের।

সকালে সড়ক অবরোধ করে শিক্ষার্থীরা তাদের দাবির পক্ষে স্লোগান ও বক্তব্য দেয়। তাদের দবিগুলোর মধ্যে রয়েছে- শাহবাগে পরীক্ষার দাবিতে আন্দোলন করার ফলে যে, এক হাজার ২০০ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা দেয়া হয়েছে তা প্রত্যাহার করতে হবে, অবিলম্বে অনার্স দ্বিতীয় ও চতুর্থ বর্ষের ফল প্রকাশ করতে হবে, তাদের ক্লাশ পরীক্ষা হওয়ার জন্য নির্দিষ্ট একাডেমিক ক্যালেন্ডার প্রকাশ করতে হবে, তৃতীয় বর্ষের রুটিন প্রকাশ ও সাত কলেজের জন্য স্বতন্ত্র ওয়েবসাইট খুলে শিক্ষার্থীদের যাবতীয় তথ্য ও নোটিশ সরবরাহ করার ব্যবস্থা করতে হবে।

সমাবেশ শেষে তারা রাষ্ট্রপতি কাছে স্মারকলিপি দেবে বলেও জানিয়েছে। অন্যদিকে সাত কলেজের অন্তত পাঁচ শতাধিক শিক্ষার্থীর রাস্তা অবরোধ করে ডাকা ওই অবস্থান কর্মসূচির ফলে আশেপাশের সড়কগুলোতে তীব্র যানজট দেখা দিয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *