নবকণ্ঠ ডেস্কঃ জাতীয় কবি কাজী নজরুল ইসলাম বিশ্ববিদ্যালয়ে নির্মিত ভাস্কর্য ‘অঞ্জলি লহ মোর’ ভেঙে ফেলা হচ্ছে এমন ছবি নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে। গত ১৭ জুন থেকে প্রশাসনিক ভবনের সামনে স্থাপিত ভাস্কর্যটির অংশবিশেষ অপসারণ শুরু হলে তা নিয়ে বিভ্রান্তি তৈরি করার চেষ্টা করার চেষ্টা করছে কেউ কেউ।
বিশ্ববিদ্যালয়ের পরিকল্পনা ও উন্নয়ন বিভাগের পরিচালক মো.হাফিজুর রহমান স্পষ্ট করেন, “এটি ধ্বংস নয়, বরং পুকুরপাড়ের সৌন্দর্যবর্ধনে প্রাথমিক নকশার আলোকে কাজ চলছে। সংস্কার শেষে প্রকৃত রূপ দৃশ্যমান হবে।” উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম যোগ করেন, “আগের প্রশাসন ভাস্কর্যটির ডিজাইন সঠিকভাবে বাস্তবায়ন করেনি। বর্তমানে আমরা মূল পরিকল্পনা অনুসারে এটি পুনর্নির্মাণ করছি।”
দুই বছর আগে নির্মিত এ ভাস্কর্য কবি নজরুলের স্মৃতির প্রতীক হিসেবে বিবেচিত। তাই এর রূপান্তরে অনেক শিক্ষার্থী ও শিল্পী সম্প্রদায় আশঙ্কা প্রকাশ করেন। সামাজিক মাধ্যমে ব্যবহারকারীরা একে ‘সাংস্কৃতিক অবহেলা’ আখ্যা দিলেও উপাচার্য দাবি করেন, “ভুল তথ্যে বিভ্রান্তি ছড়ানো হচ্ছে। সংস্কার শেষে এটি আরও দৃষ্টিনন্দন ও অর্থবহ হবে।”
‘অঞ্জলি লহ মোর’ ভাস্কর্যটি নজরুলের বিখ্যাত গানের পঙ্ক্তি থেকে অনুপ্রাণিত। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের মতে, সংস্কারকাজ শেষ হলে জলাধার সংলগ্ন এলাকার নান্দনিকতা বৃদ্ধি পাবে।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
