নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের আসন্ন পৌরসভা নির্বাচনকে সামনে রেখে প্যারিসের উপকণ্ঠে অবস্থিত Vigneux-sur-Seine শহরে এক জনসভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (৮ মার্চ) বিকেলে শহরের সাল দানিয়েল ফেখ মিলনায়তনে “ভিন্যু সলিডারিতে এ পপুলার” তালিকার উদ্যোগে এ সভার আয়োজন করা হয়।
সভায় La France Insoumise দলের সংসদ সদস্য, স্থানীয় বাসিন্দা, বিভিন্ন কমিউনিটির প্রতিনিধি এবং প্রবাসী বাংলাদেশিরা অংশগ্রহণ করেন। আগামী ১৫ ও ২২ মার্চ অনুষ্ঠিতব্য পৌরসভা নির্বাচনকে সামনে রেখে স্থানীয় উন্নয়ন পরিকল্পনা, নাগরিক সেবার মানোন্নয়ন এবং শহরের সার্বিক অগ্রগতি নিয়ে আলোচনা হয়।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন তালিকার মনোনীত মেয়রপ্রার্থী ওমর আলকালিসহ প্যানেলের অন্যান্য সদস্যরা। মেয়র প্রার্থী তার বক্তব্যে বলেন, ভিন্যু শহরকে আরও সংহত, সমতাভিত্তিক এবং জনগণের জন্য কার্যকর একটি আধুনিক নগরীতে পরিণত করাই তাদের প্রধান লক্ষ্য।
এ নির্বাচনে ডেপুটি মেয়র পদে প্রথমবারের মতো একজন বাংলাদেশি প্রার্থী অংশ নিচ্ছেন। প্রার্থী খিয়াং নয়ন তার বক্তব্যে বলেন, স্থানীয় জনগণের সক্রিয় অংশগ্রহণের মাধ্যমে একটি শক্তিশালী ও কার্যকর পৌর প্রশাসন গড়ে তোলাই তাদের লক্ষ্য। তিনি শিক্ষা, স্বাস্থ্যসেবা, বাসস্থান ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রাধিকার দিয়ে কাজ করার প্রতিশ্রুতি দেন।
খিয়াং নয়ন ফ্রান্সপ্রবাসী বাংলাদেশিসহ সকলের দোয়া ও সহযোগিতা কামনা করে বলেন, নাগরিকদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমে শহরের উন্নয়নকে আরও গতিশীল করা সম্ভব।
ডেপুটি মেয়র পদে একজন বাংলাদেশির প্রার্থী হওয়াকে ফ্রান্সে বসবাসরত বাংলাদেশি কমিউনিটির অনেকেই ইতিবাচকভাবে দেখছেন। তাদের মতে, নয়ন নির্বাচিত হলে কমিউনিটির প্রতিনিধিত্ব আরও জোরদার হবে এবং বিভিন্ন সামাজিক ও প্রবাসী ইস্যুতে ইতিবাচক পরিবর্তন আসতে পারে।
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
