বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের ইফতার মাহফিল অনুষ্ঠিত

নবকণ্ঠ ডেস্ক: ফ্রান্সের সেইন-সাঁ-দোনী (আসন-৪) থেকে নির্বাচিত সংসদ সদস্য ও সংসদের সাংস্কৃতিক ও শিক্ষা বিষয়ক কমিটির সদস্য সুমইয়া বোরোয়াহা বলেছেন, ইসলামের শান্ত ও মানবিক আদর্শের ভিত্তিতে একটি ভ্রাতৃত্বপূর্ণ সমাজ গড়ে তুলতে সবাইকে সক্রিয় ভূমিকা রাখতে হবে।

রোববার (২২ ফেব্রুয়ারি ২০২৬) ফ্রান্সে বাংলাদেশি কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের উদ্যোগে আয়োজিত সুধী সমাবেশ ও ইফতার মাহফিলে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সিনিয়র ভাইস প্রেসিডেন্ট খন্দকার হোসাইন। সঞ্চালনায় ছিলেন সহকারী সেক্রেটারি জেনারেল মোহাম্মদ নুরুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন স্তা কম্যুনের মেয়র আজেদিন তাইবি।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন এসডিআরএম ৯৩-এর সহ-প্রতিনিধি সোর এলোদি ব্লঁদেল এবং ডায়োসিস পর্যায়ের সেবা বিভাগের প্রতিনিধি উইলহেম কোয়ান্দ্র, যিনি গির্জার মুসলিম সম্প্রদায়ের সঙ্গে সম্পর্ক রক্ষার দায়িত্বে রয়েছেন। এছাড়া বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের কোষাধ্যক্ষ কামরুল হাসান, কমিউনিটি ব্যক্তিত্ব জালাল আহমেদসহ অন্যান্য নেতৃবৃন্দ বক্তব্য দেন।

এ সময় উপস্থিত ছিলেন স্তা বড় মসজিদের পরিচালক আবদুল কাদির, মসজিদে আর রাওদাহর পরিচালক সালেহ আত্তিয়া, মুসলিম অ্যাসোসিয়েশন ৯৩-এর মুহম্মদ হেনিস ও বারাজ তামিমি, স্থানীয় নির্বাচিত কাউন্সিল প্রতিনিধিগণ এবং বাংলাদেশ কমিউনিটি মসজিদ ও ইসলামিক সেন্টারের সাধারণ সম্পাদক কাজী হাবিবুর রহমান প্রমুখ।

রমজানের গুরুত্ব ও তাৎপর্য নিয়ে আলোচনা করেন মসজিদের ইমাম ও মাদরাসার শিক্ষক আহমাদুল ইসলাম। তিনি আত্মশুদ্ধি, সংযম ও মানবিকতার শিক্ষা তুলে ধরে রমজানের সামাজিক প্রভাবের দিকগুলো ব্যাখ্যা করেন।

প্রধান অতিথির বক্তব্যে সুমইয়া বোরোয়াহা বলেন, ফ্রান্সের মুসলিম নাগরিকরা জাতির অবিচ্ছেদ্য অংশ এবং তাদের অবদান দেশকে সমৃদ্ধ করেছে। তিনি পারস্পরিক সম্মান, সংলাপ ও বোঝাপড়ার ভিত্তিতে একটি অন্তর্ভুক্তিমূলক সমাজ গঠনের ওপর গুরুত্বারোপ করেন।

তিনি আরও বলেন, মুসলিম বিশ্বের ইতিহাসে একসময় জ্ঞানচর্চা ও নৈতিকতায় সমৃদ্ধ এক গৌরবময় অধ্যায় ছিল। সেই ঐতিহ্য পুনরুদ্ধারে সমন্বিত প্রচেষ্টা প্রয়োজন। নতুন প্রজন্মকে সঠিক আদর্শিক শিক্ষা ও ইতিহাস সম্পর্কে অবহিত করার মাধ্যমে সচেতন নাগরিক হিসেবে গড়ে তোলার আহ্বান জানান তিনি।

বিশেষ অতিথি আজেদিন তাইবি বাংলাদেশি কমিউনিটির সামাজিক সম্প্রীতি ও ইতিবাচক ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, এ ধরনের আয়োজন ভ্রাতৃত্ববোধ ও সহাবস্থানের এক উজ্জ্বল উদাহরণ।

অনুষ্ঠানে স্থানীয় সিটি কর্পোরেশনের সহকারী মেয়র, প্যারিসের বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দ, কমিউনিটির বিশিষ্ট ব্যক্তি ও বাংলাদেশি ব্যবসায়ীরাও উপস্থিত ছিলেন। ইফতার মাহফিলটি প্রবাসী বাংলাদেশিদের জন্য এক সৌহার্দ্যপূর্ণ মিলনমেলায় রূপ নেয়।

 

 

নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.