নবকণ্ঠ ডেস্কঃ সাম্প্রতিক রিপোর্টে দেখা গেছে যে বাংলাদেশে বিদেশি বিনিয়োগের হার উল্লেখযোগ্যভাবে হ্রাস পাচ্ছে। অর্থনীতিবিদ এবং ব্যবসায়িক বিশ্লেষকরা এ অবস্থাকে দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধির জন্য উদ্বেগজনক বলে মনে করছেন।
যদিও বাংলাদেশ কয়েক বছর ধরে ভালো জিডিপি প্রবৃদ্ধি দেখিয়েছে, অনেকগুলো বিশেষ অর্থনৈতিক অঞ্চল গড়ে তুলেছে এবং ওয়ান স্টপ সার্ভিস চালু করেছে। কিন্তু তা সত্ত্বেও সেভাবে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) পাচ্ছে না।
বিনিয়োগ বোর্ডের তথ্য অনুযায়ী, ২০২৩-২৪ অর্থবছরে বাংলাদেশে সরাসরি বিদেশি বিনিয়োগ (এফডিআই) প্রায় ২৫% কমে গেছে। এই পরিস্থিতি দেশীয় অর্থনীতির উপর বেশ কিছু নেতিবাচক প্রভাব ফেলছে, যেমন নতুন কর্মসংস্থান সৃষ্টির ক্ষেত্রে ধীরগতি, উন্নয়ন প্রকল্পগুলির বিলম্ব এবং সামগ্রিক অর্থনৈতিক প্রবৃদ্ধির হ্রাস।
সদ্য সমাপ্ত অর্থবছরে প্রতিবেশী দেশ ভারতের নিট এফডিআই প্রবাহ ছিল ৪০ বিলিয়ন ডলার এবং ভিয়েতনামে ১৫ বিলিয়ন ডলার। পার্শ্ববর্তী দেশের এই অগ্রগতি দেখে স্বাভাবিকভাবেই প্রশ্ন আসে, তাহলে বাংলাদেশ কেন বছরের পর বছর ধরে কম এফডিআই পাচ্ছে?
এর বড় কারণ নীতিনির্ধারকদের চিন্তাভাবনা ও বিনিয়োগকারীদের সমস্যার মধ্যে বিরাট ব্যবধান। আর এখন পর্যন্ত সরকার এই সমস্যাগুলো সমাধানে তেমন কাজ করেনি।অবশ্য নীতিনির্ধারকরা মনে করেন, বাংলাদেশ সস্তা শ্রমের বড় একটি উৎস। তাই বিদেশি বিনিয়োগকারীরা বাংলাদেশে বিনিয়োগে আকৃষ্ট হবেন। তাদের জন্য বিশেষ অঞ্চল তৈরি করতে পারলে দেশে ভালো এফডিআই আসবে বলে তাদের ধারণা।
কিন্তু নীতিনির্ধারকদের এই ধারণা কতটা যুক্তিসঙ্গত? তা প্রশ্নাতীত নয় কেননা কেবল সস্তা শ্রমের প্রস্তাব দিয়ে বিদেশি বিনিয়োগকারীদের আকৃষ্ট করার দিন শেষ হয়ে যাচ্ছে। তাছাড়া বাংলাদেশের বন্দর ব্যবস্থাপনা এখনো আশানুরূপ নয়। তাই বাংলাদেশ যদি আরও বেশি আন্তর্জাতিক বাণিজ্য হয়, তাহলে বন্দরের ব্যবস্থাপনা বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়তে পারে। এছাড়া টেকসই জ্বালানি সরবরাহ বাংলাদেশের জন্য আরেকটি উদ্বেগের কারণ। ইতোমধ্যে স্থানীয় বিনিয়োগকারীরা ইতোমধ্যে তাদের ব্যবসা চালু রাখতে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহ পেতে চ্যালেঞ্জিং পরিস্থিতির মুখোমুখি হয়েছে।
বাংলাদেশে বিদেশি বিনিয়োগের হ্রাস দেশের অর্থনীতির জন্য একটি বড় চ্যালেঞ্জ। তবে সরকারের সঠিক পদক্ষেপ এবং কার্যকর নীতিমালা গ্রহণের মাধ্যমে এ চ্যালেঞ্জ মোকাবেলা করা সম্ভব। দেশকে রাজনৈতিকভাবে স্থিতিশীল এবং বিনিয়োগের জন্য নিরাপদ পরিবেশ গড়ে তোলা সম্ভব।
-191
নিউজের ©সর্বস্বত্ব নবকণ্ঠ কর্তৃক সংরক্ষিত। সম্পূর্ণ বা আংশিক কপি করা বেআইনী , নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ।
